
ডেইলি তিতাস পোস্ট.কম: চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণ মাঠে এই বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা:) মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও ৪ নং চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজের সহকারি অধ্যাপক মো: লুৎফর রহমান চৌধুরী, বাংলাদেশ যুব মহিলা লীগ, বিজয়নগর শাখার সভাপতি ও এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হালিমা চৌধুরী, অত্র ওয়ার্ডের মেম্বার মো: লোকমান চৌধুরী, এলাকার বিশিষ্ট সর্দার আমির খান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ক্রীড়া ও ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৫টিরও বেশি ইভেন্টে খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ভাল মানের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ সকল আমন্ত্রিত অতিথিগণ। শিক্ষার্থীদের পুরস্কারের পাশাপাশি অুনষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সকল শিক্ষক কর্মচারীদেরকেও উন্নতমানের উপহার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ অথিতি হালিমা চৌধুরী তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর পর থেকে বিদ্যালয়টিতে পড়াশুনার পাশাপাশি কমিটি সংক্রান্ত বিষয়ে অনেক চরাই-উৎরাই পেরিয়ে পরীক্ষার ফলাফলসহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। যার ফলশ্রæতিতে এত সুন্দর, প্রাণবন্ত ও মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আমরা সকলে উপভোগ করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, বিগত কয়েক বছরে আমরা এ ধরণের কোন অনুষ্ঠান উপভোগ করতে পারিনি। এ বছরের ক্রীড়া প্রতিযোগিতা আমরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উপভোগ করেছি। বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট আবেদন রাখব প্রতি বছরই যেন এরকম জাকজমকপূর্ণভাবে একটি অনুষ্ঠান করেন। এ ধরণের অনুষ্ঠান বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হবে।
বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন ক্রীড়া শিক্ষক শামীমুল হক, মুহা: আশিকুর রহমান ভূইয়া এবং মো: বাবুল আখতার।

